মহীরুহের কাছে যেতে নেই, তাকে নাকি দূর থেকে দেখতে হয় । কিন্তু কাছে না গেলে কি তার ব্যপ্তি অনুভব করা সম্ভব ? রবি ঠাকুর আমদের কাছে সেই মহীরুহের মত । আমরা যে যার মত করে তাঁর কাছে যাই, তাঁর সান্নিধ্যে থাকি । তিনি ধূমকেতু নন । তিনি ধ্রুবতারার মত । অনন্ত বিরাজমান । তাঁর বিচরণ সর্বত্র । শিল্পের সমস্ত শাখায় তাঁর উজ্জ্বল উপস্থিতি। বাংলা ভাষার এক অন্যতম ধারক ও বাহক । বিশ্বের দরবারে বাংলার উজ্জ্বল স্থান প্রতিষ্ঠার কারিগর রবীন্দ্রনাথ । প্রতিভার গুণে তিনি যুগের পর যুগ পৃথিবীর কাছে অমর হয়ে আছেন, মনের গোপন কুঠুরিতে সর্বদা বিরাজমান । এই প্রতিভা কি তিনি সাবলীল ভাবেই পেয়েছিলেন না কি রপ্ত করেছিলেন ? সকলে রবীন্দ্রনাথ হন না তেমনই রবীন্দ্রনাথও সকল নন । নিজের সৃষ্টির প্রতি বিশ্বাস ও ভালোবাসা অন্তরের গভীরতম কক্ষ থেকে আসে । কিন্তু সকলে সেই ভালোবাসাকে আগলে রেখে চলতে পারে না । সেই ভালোবাসার কাছে নতজানু হয়ে বসতে পারে না । পারে না সৃষ্টির সাবলিলতার আনন্দে এতটাই মাতোয়ারা হয়ে পড়তে যে কোনও বিষাদই তাঁকে স্তিমিত করতে পারবে না । রবীন্দ্রনাথ পেরেছিলেন । পেরেছিলেন বলেই জীবনের সমস্ত বিষাদের কাছে তিনি ...