বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই এখন গরমের ছুটি কাটাচ্ছ? আমার কিন্তু সেই সুযোগ নেই। আমি এখন শহর কলকাতা ছেড়ে অনেক দূরে বসে আছি। বসে আছি ভাবছি। অনেকদিন পর ইচ্ছামতি আমায় তোমাদের জন্য লিখতে বলেছে। আর বিষয়ও দিয়েছে খুব আকর্ষণীয়। তোমরা তো জানোই আর মাত্র কদিন পরই ৫ই জুন। বিশ্ব পরিবেশ দিবস। তোমাদের হয়ত সকলেই কম বেশি পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়তে হয়েছে। তাই তোমরা তো জানোই আজকের দিনে আমরা কতটা পরিবেশ দূষণের মধ্যে বসবাস করছি। কতরকম ভয়ংকর রোগ আমাদের শরীরে দানা বাধছে নিত্য। তোমরা সবাই সে ব্যাপারে ওয়াকিবহাল আমি জানি। আমি জানি তোমরা রাস্তাঘাটে ময়লা ফেলো না, তোমরা প্ল্যাস্টিকের ব্যবহার করনা, তোমরা মোবাইল ফোনের ব্যবহার কম কর। তোমরা ইতিমধ্যেই হয়ত জেনে গেছ যে রেফ্রিজ্রেটার বা এয়ার কন্ডিশন মেশিন থেকে পরিবেশ কতটা দূষণ হয়। তোমরা গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধেও যথেষ্ট জানো আমি জানি। আমি আজ কিছু অন্য ঘটনার কথা তোমাদের বলব। যদিও আমি এসব জানতাম না। যদি না তোমাদের মতই আমার খুদে বন্ধু রফিক এসে গল্পের মত করে আমায় ঘটনা গুলো শোনাতো। রফিকের বাড়ি আমার অফিসের গ্রামেই। রফিকের ইস্কুলের নাম সাতারাপুর হাই স্কুল। এই এলাকার সবচেয়ে বড় স্...