তখনো পরিবেশে এত হিংসা ছড়ায়নি। আমরা দেশ বলতে শুধুমাত্র নিজের দেশ বুঝতাম না। যেখানে যা ভালো সবই আছড়ে পরত আমাদের কাছে। যদিও তার পরিমাণ ছিল অনেক কম। ইন্টারনেটের এত ব্যপ্ত প্রচার হয়নি। স্মার্টফোন তখনো বাজারে আসেনি। গৃহস্থের বাড়িতে তখন ল্যান্ডফোনের চল। আশেপাশের বাড়ি থেকে যাতে যে সে এসে যাকে তাকে ফোন করতে না পারে তার জন্য ছিল নাম্বার প্যাড লক। ছোট তালা দিয়ে একটা কেস মতন করে নাম্বার প্যাড আটকানো থাকত। ঠিক এইরকম সময়ে আমরা তখন কৈশোরে। আমাদের খেলার মাঠগুলো সকাল বিকেল ভর্তি থাকত ব্যাট, বল উইকেটে। সকাল হলে পাড়ার মোরে চায়ের দোকানে আড্ডা জমত। খেলার দিনগুলোতে ক্লাবঘরগুলোতে তিল ধারনের জায়গা থাকত না। গান বলতে তখনো ৯০ দশকের হিন্দি গান বা নতুন আবির্ভাব হওয়া বাংলা জীবনমুখী গান। আমরা খুব দ্রুত গতিতে নতুন শতাব্দীর দিকে এগিয়ে যাচ্ছিলাম। নতুন শতাব্দী আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল তার মধ্যে অন্যতম এফএম রেডিও। ক্লাস নাইনে থাকতেই পুজোতে পাওয়া টাকা জমিয়ে কিনে ফেলেছিলাম পকেট রেডিও। গান শোনার শুরু সেই থেকে। এতগুলো কথা বললাম কারন এমন একটা গানের কথা আজ বলব যেটা সেই সময় থেকে শুরু করে আজো আমাদের অনেকের পছন্দের ...