আলো থেকে হঠাৎ করে অন্ধকারে এসে পড়লে মনে খানিকটা ধাঁধা এসে পরে। হঠাৎ করে মনে হয় কোথায় এলাম? চেনা গলিও অচেনা লাগে। মনে হয় বারবার পথ ভুল হতে পারে। আগে যখন মফঃস্বলের বুকে নিয়মমাফিক লোডশেডিং হত তখন মানুষের এরম মনে হত না। কারণ সেটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তারা জানত কোন কোন সময় লোডশেডিং হতে পারে। তাই তারা আগে থেকেই সতর্ক হয়ে থাকত। এমনকি অনেক বাড়িতে লোডশেডিং হওয়ার আগেই ডিমলাইট বা ল্যাম্প জ্বেলে রাখা হত। তখনও এমারজেন্সি লাইটের ব্যবহার এত বৃহত্তর হয়নি। এসবই অতনুর ছেলেবেলার স্মৃতি। কিন্তু হঠাৎ এসব মনে পরছে কেন? কাজলকে বিদায় দিয়ে অতনু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে অপ্রত্যাশিত ভাবে হঠাৎই লোডশেডিং। যা এই এলাকায় দীর্ঘদিন পর। তাও আবার রাতের বেলায়। অতনু বাড়িতে এসে সাইকেল বারান্দায় রেখে হাতমুখ ধুয়ে ঘরে এসে বসতেই মা রান্নাঘর থেকে প্রায় ছুটে এসে- - দিদি ফোন করেছিল তোকে? - হ্যাঁ করেছিল। - কি বলল? - সেরম কিছুনা। তোমায় গিয়ে দুদিন থাকতে বলল। - ...